সফল ব্যক্তিদের কাছে যা জানতে চাওয়া উচিত

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৫:৪৮ পিএম

মনে করুন, কখনো আপনার সঙ্গে দেখা হয়ে গেল বিল গেটসের কিংবা ওয়ারেন বাফেটের! তাদের সঙ্গে কথা বলার সুযোগও মিলল। তখন তাদের থেকে কী জানতে চাইবেন?

এমন কিছু জানতে চাওয়া উচিত, যা আপনার জীবনের জন্য কাজে আসে। ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট ‘মনস্টার’ কিছু পরামর্শ দিয়েছে, যার উত্তর সব সময় আপনার খোঁজা উচিত।

আপনি নিজেকে কখন সফল মনে করেন?

সাধারণ মানুষের মতো শুধু টাকা-পয়সা দিয়ে সফলতাকে পরিমাপ করেন না বিখ্যাত ব্যক্তিরা। সফলতার সংজ্ঞা তাদের কাছে ভিন্নরকম।

বিল গেটস এক সাক্ষাৎকারে বলেন, ‘আপনি কি সত্যিকার অর্থে কাউকে ভালোবাসেন, বিনিময়ে সে কি আপনার ভালোবাসা ফেরত দেয়? যদি এই প্রশ্নের উত্তর ইতিবাচক হয়, তাহলে আপনি সত্যিকারের সফল মানুষ।’

নামকরা মার্কিন ব্যবসায়ী বাফেটের মতামতও প্রায় একই রকম, ‘আমার সফলতা-ব্যর্থতা নির্ভর করে পরিবারের উপর। ব্যক্তিগত সম্পর্কের উপর।’

এমন দুটি উত্তর জীবন সম্পর্কে আপনার ধারণাই বদলে দিতে পারে। অন্য কোনো সফল ব্যক্তির থেকে পেতে পারেন আরও চমকপ্রদ উত্তর।

খারাপ সময়ে নিজেকে কীভাবে ঠিক রাখেন?

ব্যর্থতার ভেতর দিয়ে না গেলে সফল হওয়া কঠিন। অথচ অধিকাংশ মানুষ ব্যর্থ সময়ে নিজেকে হারিয়ে ফেলেন। এমন দিনগুলোতে একজন সফল মানুষ নিজেকে কীভাবে অনুপ্রাণিত করেন, সেটি আপনার জানা উচিত।

কী আপনাকে ঘুমাতে দেয় না?

‘স্বপ্ন তা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে হয়, স্বপ্ন তাই যা আমাদের ঘুমাতে দেয় না,’ এপিজে আবদুল কালামের বিখ্যাত এই উক্তি আপনার নিশ্চয়ই জানা। সফল হতে হলে আরও জানা উচিত, মনের কোন ইচ্ছা পূরণের জন্য এভাবে সাধনা করা উচিত। নিজের সঠিক প্যাশন কীভাবে খুঁজবেন, তা বোঝা উচিত।

ক্যারিয়ার বিষয়ক পরামর্শক মাইকেল রায়ান মনে করেন, ‘যে কাজে ক্লান্তি আসে না, ঘড়ির দিকে তাকাতে মনে থাকে না; সেই কাজটিই আপনার প্যাশন। এর পেছনে লেগে থাকা উচিত।’

আপনার সফলতার অভ্যাস কী কী?

মানুষ অভ্যাসের দাস। সফল কিংবা সুখী হতে হলে নির্দিষ্ট অভ্যাসের ভেতর দিয়ে যেতে হয়। প্রতিদিনের জীবন-যাপনে আনতে হয় পরিবর্তন। ব্যাপারটি ব্যক্তিভেদে আলাদা হয়। নিজস্ব পরিকল্পনার উপর নির্ভর করে। যদি কখনো বিখ্যাত কোনো ব্যক্তিকে পেয়ে যান, জেনে নিতে পারেন তার সফলতার রহস্য।

আপনার প্রিয় টিভি শো কী?

কৌতুকাভিনেতা ড্যান নেনান সফল মানুষকে দেখলেই এই প্রশ্নটি করেন। তিনি আসলে বুঝতে চান, টিভি দেখা নিয়ে তাদের অভ্যাস কেমন, কতটুকু সময় তারা প্রতিদিন টিভির পেছনে ব্যয় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত