ভিডিও গেম খেলে কোটিপতি কিশোর

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১১:০২ পিএম

আজকাল কিশোর-কিশোরীদের ভিডিও গেমের প্রতি আসক্তি এতটাই বেড়ে গেছে, তা অভিভাবকদের কাছে রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সারাক্ষণ স্মার্টফোনে মুখ গুঁজে পড়ে থাকে তারা গেমের টানে। এদের অনেকেই আবার অনলাইন ভিডিও গেমে কীভাবে দল গড়ে সাফল্য পাওয়া যায়, কীভাবে মোটা অঙ্কের টাকা জেতা যায়, তা নিয়েই মাথা ঘামাতে ব্যস্ত। এমনই এক কিশোর শুধু ভিডিও গেম খেলেই আয় করেছে প্রায় দুই কোটি টাকা। ‘ওয়াশিংটন পোস্ট’-এর এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

কিশোরের নাম গ্রিফিন স্পাইকোস্কি। জানা গেছে, ১৪ বছর বয়সী এই মার্কিন কিশোর দিনে প্রায় ১৮ ঘণ্টা সময় অনলাইন ভিডিও গেমে ব্যয় করে। এ ছাড়া অনলাইন গেমের ভিডিও করে নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত পোস্ট করে সে। গ্রিফিনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১২ লাখেরও বেশি আর মোট ভিউয়ের সংখ্যা ৭ কোটি ১০ লাখের বেশি। নিজের ইউটিউব চ্যানেল আর অনলাইন গেমের পুরস্কার মূল্য মিলিয়ে ২০১৮ সালে গ্রিফিনের মোট আয় দুই লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার সমান)।

সম্প্রতি ইউটিউবে একটি সাক্ষাৎকারে গ্রিফিনের মা ক্যাথলিন কনলি জানান, ছেলের এই সাফল্য তাকে অবাক করে দিয়েছে। তিনি বুঝে গেছেন, অনলাইন গেমের দুনিয়ায় গ্রিফিন আরও উন্নতি করবে। জানা গেছে, গ্রিফিনের এই বিপুল অর্থ উপার্জনের চাপে সম্প্রতি একজন আর্থিক উপদেষ্টা নিয়োগ করতে হয়েছে। গ্রিফিনের মতো অনেকেই অর্থ উপার্জনের বিকল্প পথ হিসেবে বেছে নিয়েছেন বিভিন্ন অনলাইন গেমিং প্ল্যাটফরম। তবে অনলাইন গেমের প্রতি লক্ষ্যহীন অংশগ্রহণ, মাত্রাতিরিক্ত আসক্তি আমাদের চিন্তাশক্তি নষ্ট করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অসংখ্য মনোরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত