খালেদার মুক্তি দাবিতে যুবদলের বিক্ষোভ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১১:৩২ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ-মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে তা শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ক্রমান্বয়ে চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। দেশনেত্রীকে চিকিৎসা দেওয়ার নামে নানা টালবাহানা ও জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে সরকার। সরকার আমাদের দাবি উপেক্ষা করে বেগম জিয়ার পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ না দিয়ে বরং বারবার বিএসএমএমইউতে চিকিৎসা দেওয়ার নামে মিথ্যার বেসাতি করে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে আর কষ্ট দেবেন না, তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন। দেশনেত্রীর পছন্দের বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে সুচিকিৎসার সুযোগ দিন। কারণ আপনার নির্দেশেই খালেদা জিয়া আজ কারাগারে।’

দেশের কারাগারগুলো বর্তমানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত লোহার খাঁচায় পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘শেখ হাসিনা যাকে অপছন্দ করেন, তাকেই সেই খাঁচায় যতদিন ইচ্ছা আটকে রাখেন। অভ্রান্ত কোনো আইন-কানুনের দ্বারা এখন কারও সাজা হয় না, এখন হয় প্রতিহিংসার সাজা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত