স্কুলছাত্রীকে ‘জিম্মি করে ধর্ষণ’ আসামি গ্রেপ্তার

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০১:৪৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০১৩ সাল থেকে এক স্কুলছাত্রীকে জিম্মি করে ধর্ষণ ও তা মোবাইল ফোনে ধারণ করার অভিযোগে করা মামলার আসামি শাহজাহান বাদশাকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সকালে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহজাহানের বাড়ি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে। সে তেলকুপি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, ওই ছাত্রী ২০১৩ সালে স্থানীয় স্কুলে পড়াকালীন শাহজাহানের যৌনলিপ্সার শিকার হয়। ২০১৮ সালে স্কুল শেষ করার আগ পর্যন্ত শাহজাহান বিভিন্ন সময় প্রলোভন দেখিয়ে তার বাড়ি ও অন্য জায়গায় নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করত। সে নেশাজাতীয় ওষুধ খাইয়ে ছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ফুটেজ মোবাইলে ধারণ করে। পরে মোবাইলের ভিডিও ফুটেজকে পুঁজি করে ও বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখে।

র‌্যাবের ভাষ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শাহজাহান ওই ছাত্রীকে একটি মোবাইল কিনে দেয়। তা পরিবারের সদস্যরা জানতে পেরে পরের মাসে তেলকুপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘটনা অবহিত করে মোবাইল ফোন ফেরত দেয়। এরপর ওই ছাত্রীর কথা চিন্তা করে তার ভাই গ্রাম ছেড়ে শিবগঞ্জ উপজেলা সদরে বাড়ি ভাড়া করে বোনকে নিয়ে থাকা শুরু করে। কিন্তু সেখানেও পিছু নেয় শাহজাহান। স্কুলজীবন শেষে কলেজপড়–য়া ছাত্রী গত ২ মার্চ গ্রামের বাড়িতে গেলে শাহজাহান ভিডিও ফুটেজের কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে আবারও ধর্ষণ করে। এ ঘটনায় ১৮ মার্চ শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা করা হয়। এর পর থেকে আত্মগোপনে ছিল শাহজাহান। র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তারের সময় শাহজাহানের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও কিছু টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত