রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০২:৩৫ এএম

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। র‌্যাব জানিয়েছে, ঘটনাস্থল থেকে চোরাই গাড়ি, বিদেশি পিস্তল, গুলি, রামদা ও চাপাতিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো জামাল হাওলাদার

(৩৮) ও নাঈম হোসেন (৩৫)। র‌্যাব-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, মাদারীপুর থেকে একটি কাভার্ড ভ্যান চুরি করে ঢাকায় আসছে একটি সংঘবদ্ধ ছিনতাই ও ডাকাত দলের সদস্যরা। গভীর রাতে সাতরাস্তা এলাকায় চেকপোস্ট বসানো হয়। কাভার্ড ভ্যানটি দেখে থামার সিগন্যাল দিই। গাড়িতে থাকা ছয়-সাতজন সিগন্যাল অমান্য করে চলে যাওয়ার সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাব পাল্টা গুলি ছুড়লে দুজন গুলিবিদ্ধ হয়। বাকিরা গাড়ি রেখে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্যও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিহত দুজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের এনআইডি কার্ড পরীক্ষা করে দেখা গেছে, নাঈমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪ এবং জামালের বিরুদ্ধে ১২টি ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত