একটি মিসাইলও ছোড়ার সুযোগ পাননি ভারতীয় পাইলট অভিনন্দন!

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১১:৩৯ এএম

পাকিস্তানের কোনো এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করতে পারেনি ভারত- মার্কিন নিউজ ম্যাগাজিন ‘ফরেন পলিসি’র এমন সংবাদে ফের তথ্যযুদ্ধে নেমেছে দেশ দুটি। পাল্টাপাল্টি দাবি করেছে দুদেশের বিমান বাহিনী।

ভারত বলছে, এফ-১৬ ভূপাতিত করার প্রমাণ তাদের কাছে আছে। আর পাকিস্তান বলছে, বিমান ভূপাতিত করাতো দূরে থাক, নিজের বিমান থেকে একটি মিসাইল ছোড়ারও সুযোগ পাননি ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান।

বৃহস্পতিবার ফরেন পলিসি’র এক প্রতিবেদনে বলা হয়, “এ বিষয়ে সরাসরি জানাশোনা আছে এমন দুজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ফরেন পলিসিকে বলেন, সম্প্রতি মার্কিন সামরিক কর্মকর্তারা ইসলামাবাদের এফ-১৬ যুদ্ধবিমানগুলো গুনে দেখেছেন এবং সবক’টি যুদ্ধবিমানই তারা পেয়েছেন।”

এরপর শুক্রবার এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী দাবি করে, পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার প্রমাণ তাদের কাছে আছে। ওই সময় যে এফ-১৬ আকাশে উড়ানো হয়েছিল, সেই ‘ইলেকট্রিক সিগনেচার’ তাদের কাছে আছে।

যুক্তি হিসেবে ভারতীয় বিমান বাহিনী আরও বলছে, পাকিস্তান প্রথমে দাবি করেছিল- তারা দুটি বিমান ভূপাতিত করেছে এবং দুজন পাইলটকে আটক করেছে। এর মধ্যে একজন ভারতীয় পাইলট অভিনন্দন। তাহলে আটক অন্য পাইলট কোথায় গেল?

এদিকে ভারতীয় বিমান বাহিনী ‘ডগফাইটে’ যে কোনো এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করতে পারেনি তার নতুন তথ্য-প্রমাণ হাজির করেছে পাকিস্তান বিমান বাহিনী।

ডন জানায়, পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, এয়ার-টু-এয়ার মিসাইলের চারটি ‘সিকার হেড’ পাশাপাশি রাখা আছে।

image

আইএসপিআরের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, ভারতীয় মিগ-২১ বিসনের বহনকারী চারটি মিসাইলেরই ‘সিকার হেড’ উদ্ধার করা হয়েছে। সবক’টি ‘সিকার হেড’ই অক্ষত। এতে প্রমাণিত হয়ে এসব মিসাইল ছুড়তেই পারেননি ভারতীয় পাইলট (অভিনন্দন)।

তিনি বলেন, “চারটি মিসাইলের সবক’টি সিকার হেড অক্ষত অবস্থায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এবং হস্তগত করা হয়েছে। আমরা পেশাদার সশস্ত্র বাহিনী, ঢোল না পিটিয়ে ভদ্রতা বজায় রেখেছি।”

টুইটারে আইএসপিআরের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর আরও বলেন, “ওই ঘটনায় প্রকাশ করার মতো আমাদের কাছে আরও তথ্য-প্রমাণ আছে।”

প্রসঙ্গত, পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলার জবাবে পরদিন ২৭ ফেব্রুয়ারি ভারত অধিকৃত কাশ্মীরের আকাশে হানা দেয় পাক যুদ্ধবিমান। এসময় ‘ডগ ফাইটে’ একটি ভারতীয় মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয় এবং এর পাইলট অভিনন্দনকে আটক করে পাকিস্তান। নিজের বিমানটি বিধ্বস্ত এবং আটক হওয়ার আগে অভিনন্দন একটি পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে আসছে ভারতও।

একই সময়ে ভারত অধিকৃত কাশ্মীর অংশে একটি এমআই-১৭ মডেলের ভারতীয় হেলিকপ্টারও বিধ্বস্ত হয়। এতে বিমান বাহিনীর ছয় কর্মকর্তাসহ সাতজন নিহত হন।

অবশ্য পাকিস্তান দুটি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করলেও কোনো হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানায়নি। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ভারতই হয়তো নিজেদের কপ্টারটি ভূপাতিত করেছে। বিষয়টি তদন্ত করছে ভারত।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ গাড়িবহরে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪৯ জন সিআরপিএফ সদস্য নিহত হন। আহত হন আরও ডজনখানেক।

পরে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদের কথিত আস্তানায় বিমান হামলা চালিয়ে প্রায় ৩৫০ জন জঙ্গিকে হত্যার দাবি করে ভারত। যদিও স্থানীয়দের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই ঘটনায় কেবল একজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত