আশুলিয়ায় গাড়ি চালককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০২:২০ পিএম

আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় সাদ্দাম হোসেন (২৬) নামে এক গাড়ি চালককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শনিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া কবিরপুর এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত সাদ্দাম হোসেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার সুরত আলীর ছেলে। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবহন চালাতেন এবং কিছুটা নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার রোজ ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে দুই যুবক তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায়। শনিবার সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি থানায় ফোন করে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে সনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করে তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত