পটুয়াখালীর কুয়াকাটায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টাকালে প্রতিবেশী আনোয়ার হাওলাদার (৬০) নামের একজনকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কুয়াকাটা পৌরসভার ইসলামপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মহিপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে তাকে।
এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু আইনে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৭/২০১৯। শনিবার সকালে অভিযুক্ত আনোয়ার হাওলাদারকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আম পেরে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী আনোয়ার ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করলে শিশুটির চিৎকারে আশেপাশের মহিলারা উপস্থিত হয়ে হাতে নাতে ধরে ফেলে। পরে স্থানীয়রা উপস্থিত হয়ে আনোয়ারকে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে।
শিশুটিকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শিশুটির চাচা জানান, আনোয়ার হোসেন এর আগেও গত দুই মাস পূর্বেও ইসলামপুর দাখিল মাদ্রাসার পেছনে পরিত্যাক্ত বিল্ডিংয়ে নিয়ে একটি শিশুকে ধর্ষণ চেষ্টা চালায়। স্থানীয় কাউন্সিলর শাহআলম হাওলাদার স্থানীয়ভাবে এ ঘটনায় সালিশ বিচার করেন।
মহিপুর থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আনোয়ারকে আদালতে প্রেরণ করা হয়েছে।
