পটুয়াখালীতে এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার ও একজনকে এক বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বেলা ১১টায় পটুয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে প্রশ্ন বাইরে পাচার করার অপরাধে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করে হল কর্র্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থী পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে।
অপরদিকে নকল সরবরাহের চেষ্টা ও পাবলিক পরীক্ষা আইন ভঙ্গ করার অপরাধে মাহমুদ হাসান মিঠু (২৫) নামের এক তরুণকে আটক করে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জানান, মিঠু অবৈধভাবে কেন্দ্রে প্রবেশ করায় পুলিশ তাকে আটক করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দিয়ে তাকে জেলে প্রেরণ করা হয়।
