গ্রহণযোগ্যতা ও অভিজ্ঞতায় অন্য মনোনয়নপ্রত্যাশীদের পেছনে ফেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম ভোটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ পৌরসভার শেষ মেয়র মো. ইকরামুল হক টিটু। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি আস্থা রাখায় শুধু দলীয় নেতাকর্মীই নন, সাধারণ মানুষও উৎসব-আনন্দে শামিল হয়েছেন। গতকাল শনিবার দফায় দফায় মিছিল, বাড়িতে বাড়িতে মিষ্টি বিতরণসহ নানাভাবে টিটুর মনোনয়নপ্রাপ্তিকে উদ্যাপন করছেন তারা।
গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা থেকে ফেরার পথে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম প্রশাসক টিটুকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। কয়েক হাজার মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে তাকে শহরতলির চুরখাই এলাকায় স্বাগত জানানো হয়। নেতাকর্মীদের এমন আবেগ-উচ্ছ্বাসে আপ্লুত টিটু বলেন, ‘মমতাময়ী নেত্রী আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমি যদি নির্বাচিত হই অবশ্যই প্রধানমন্ত্রীর স্বপ্ন এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমি ময়মনসিংহবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।’
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় টিটুকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করে আওয়ামী লীগ। এরপর থেকেই বাঁধভাঙা আনন্দের জোয়ার তৈরি হয় নগরীতে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নেন। আবারও তিনি এটা প্রমাণ করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ। ময়মনসিংহবাসী তার এই সিদ্ধান্তের মূল্যায়ন করবে।’
ঘোষিত তফসিল অনুসারে, ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোট হবে ৫ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৮ এপ্রিল, বাছাই ১০ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল। ১৩০টি কেন্দ্রেই ভোট হবে ইভিএমে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, ময়মনসিংহ পৌরসভার মেয়র হিসেবে সাড়ে ৯ বছর টিটুর দায়িত্ব পালনে সন্তুষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সিটি করপোরেশনের ‘প্রথম প্রশাসক’ হিসেবে নিয়োগ দেন। একে প্রথম সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি টিটুকে মেয়র পদে দলীয় মনোনয়নের পূর্বাভাস হিসেবেই মনে করেছিলেন স্থানীয় নেতাকর্মীরা।
মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়েছেন। ভবিষ্যতে ময়মনসিংহকে মডেল সিটি করপোরেশন হিসেবে রূপান্তর করতে আওয়ামী লীগ প্রার্থী ইকরামুল হক টিটুর বিকল্প নেই। আমরা দলীয় সিদ্ধান্তের ফসল ঘরে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং মমতাময়ী নেত্রীকে মেয়র উপহার দেব।’
