কুমিল্লার হত্যা মামলায় খালেদার জামিন বহাল

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১২:১৩ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা হামলায় আটজন নিহতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

খালেদার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন রোববার খারিজ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ।

সকালে এ বিষয়ে শুনানি শেষ হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

কুমিল্লার এই মামলায় গত ৪ ফেব্রুয়ারি সেখানকার বিচারিক আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর হলে ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করা হয়।

গত ৬ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ এক আদেশে খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে আপিল করা হলে ৩১ মার্চ চেম্বার আদালত হাইকোর্টের আদেশ ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।

বিএনপি-জামায়াতের ডাকা টানা অবরোধের সময় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় একটি নৈশকোচে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সাতজন ও হাসপাতালে একজন মারা যান। আহত হন ২৭ জন।

এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা দায়ের করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত