জয়পুরহাটের কালাই উপজেলায় দুই খুনের মামলায় দুই ইউপি চেয়ারম্যানসহ ৪৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে জয়পুরহাটের ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল বাহার এ নির্দেশ দেন। উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় হত্যা মামলার আসামি দুই ইউপি চেয়ারম্যান হলেন উদয়পুরের ওয়াজেদ আলী ও মাত্রাই ইউনিয়নের আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক।
গত ১৬ মার্চ রাত সাড়ে ৮টার সময় কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারের পাশে হাটপুকুর এলাকায় আওয়ামী লীগের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন গ্রুপ এবং ওয়াজেদ আলী ও আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক গ্রুপের কোন্দলের জেরে সংঘর্ষে পুনট মোল্লা পাড়ার আফতাব সরকার (৫৩) ও মাইশ্বা পাড়ার রতন (৪৭) নিহত হন। আহত হন প্রায় ২০ থেকে ৩০ জন। এরপর কালাই থানায় ১৭ মার্চ নিহতদের পরিবার ৪৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই দুই ইউপি চেয়ারম্যান মামলার আসামি ছিলেন।
