বরিশাল বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাসে যাননি শিক্ষার্থীরা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১২:৩৩ এএম

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১১ দিনের অচলাবস্থার পর প্রশাসনের উদ্যোগে সমঝোতার সভায় গতকাল রবিবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর কথা থাকলেও শিক্ষার্থীরা ক্লাস বা পরীক্ষায় অংশ নেননি। উপাচার্যের পদত্যাগ কিংবা ছুটিতে যাওয়ার আগে তারা ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না বলে জানিয়েছেন।

গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিসে গতকাল রবিবার থেকে সকল আবাসিক হল ও ডাইনিং চালু করার পাশাপাশি ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু গতকাল আন্দোলনের দ্বাদশ দিনে শিক্ষার্থীরা সকল প্রশাসনিক এবং একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে থেমে থেমে বিক্ষোভ করেছেন। কাগজে-কলমে ক্যাম্পাস খুললেও বিভিন্ন গেইটে তালা ঝুলানো থাকায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অফিসে ঢুকতে পারেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, ঘোষণা থাকলেও গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং প্রশাসনিক কোনো কার্যক্রমই শুরু হয়নি। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ কিংবা ছুটিতে যাওয়ার প্রমাণপত্র ছাড়া ক্লাস-পরীক্ষায় অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমমামুর হক দেশ রূপান্তরকে বলেন, কারোর চাপের মুখে পদত্যাগ কিংবা ছুটিতে যাবেন না তিনি। কোনো অন্যায় আবদারের কাছেও মাথা নত করবেন না। তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন চ্যান্সেলর (রাষ্ট্রপতি)। চ্যান্সেলর যদি মনে করেন তার পদত্যাগ কিংবা ছুটিতে যাওয়া প্রয়োজন তাহলে তিনি সেই আদেশ মানতে বাধ্য।3

×
সর্বশেষ সর্বাধিক পঠিত