প্রেমের বিরোধ মেটাতে গিয়ে নগরীর বাকলিয়া থানার খালপাড় এলাকায় লোকমান হোসেন (৩৫) নামে এক যুবলীগকর্মী খুন হয়েছেন বলে জানা গেছে। গত শনিবার রাত ১টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। লোকমান নগরীর গোলপাহাড় সংলগ্ন বাদশা মিয়া রোডের পশুশালা এলাকায় থাকতেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ জানান, খালপাড় এলাকার অনিকের সঙ্গে স্থানীয় একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির সঙ্গে গোলপাহাড় এলাকার শ্রাবণ নামে আরেক কিশোরের সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে মেয়েটি অনিককে এড়িয়ে চলতে শুরু করে। শনিবার শ্রাবণের বন্ধু গোলপাহাড়ের জয় খালপাড়ে যায়। সেখানে তাকে আটকে রাখে অনিক ও তার বন্ধুরা। শ্রাবণ-জয়দের কথিত ‘বড় ভাই’ গ্রুপের লোকমান এ খবর পেয়ে মোটরসাইকেল নিয়ে সেখানে যান। পরে অনিকদের সঙ্গে তার ঝগড়াও হয়। এ সময় একটি বাসার দোতলা থেকে অনিকের কথিত ‘বড় ভাই’ সাইফুল্লাহর ছোড়া গুলিতে লোকমান গুলিবিদ্ধ হন। পুলিশের এ কর্মকর্তা বলেন, ঘটনার পরই উভয়পক্ষের লোকজন পালিয়ে যায়। রাতভর অভিযান চালিয়েও কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় গতকাল লোকমানের মা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়–য়া জানান, লোকমানকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে গুলি ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
