‘মদপানে’ রাবির দুই ছাত্রের মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১২:৩৮ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রের মৃত্যু হয়েছে। অতিরিক্ত মদপান এর কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও রাবি কর্র্তৃপক্ষ। গতকাল রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তুর্য রায় ও মুহতাসিম রাফিদ খান মারা যান। একই সঙ্গে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র রাকিব আহমেদ রকি।

এ ঘটনায় নগরীর জিরোপয়েন্ট এলাকার ‘স্টার মেডিকেল হল’ মালিকসহ দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে তাদেরকে ওই দোকান থেকে আটক করা হয়।

মৃত তুর্য রায় (২০) রাবির অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি নীলফামারীর ডোমার উপজেলার ছোট রাউতরা গ্রামের পূর্র্ণেন্দ্র রায়ের ছেলে। রাফিদ খান (২১) আইন বিভাগের একই বর্ষের ছাত্র এবং খুলনার দৌলতপুর থানার কবির আলম খানের ছেলে।

জানতে চাইলে রাবির প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘শুনেছি অতিরিক্ত ড্রিংকস করার কারণে অসুস্থ হয়ে দুই শিক্ষার্থী মারা গেছে।’ মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তারা নেশাজাতীয় কিছু পান করার কারণে মারা গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাদতন্ত রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে।’

তিনি বলেন, ‘পুলিশ রুম পরিদর্শনে গিয়ে কিছু খালি মদের বোতল ও কিছু যৌন উত্তেজক ওষুধ পায়। ওষুধের সূত্র ধরে স্টার মেডিকেল হলের মালিকসহ দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।’ কয়েকজন শিক্ষার্থী জানান, শুক্রবার রাতে নগরীর রামচন্দ্রপুর এলাকার একটি মেসে এই তিন বন্ধু মিলে মদ পান করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত