বিভিন্ন পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের ভুয়া প্রশ্নপত্র সরবরাহ, ফেল করা বিষয়ে এ প্লাস পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্যের দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল গ্রেপ্তারদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত শনিবার রাতে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের ওয়েবসাইট অ্যান্ড ই-মেইল ক্রাইম টিম তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন ইমরান খসরু (২৪), আহ্সান হাবীব (২৪) ও ইমরান হোসেন রাকিব (২৪)।
ডিএমপির সাইবার ক্রাইম বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়েবসাইট অ্যান্ড ই-মেইল ক্রাইম টিম ইনচার্জ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহর নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে এসএসসি পরীক্ষার একাধিক শিক্ষার্থীর নথিসহ হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তাররা বিভিন্ন ভুয়া ফেইসবুক গ্রুপের মাধ্যমে মিথ্যা পরিচয়ে এসএসসি/দাখিল/এইচএসসি পরীক্ষার্থীদের ভুয়া প্রশ্ন সরবরাহ করত। এ ছাড়া তারা ফেল করা সাবজেক্টগুলোতে এ প্লাস পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এ ঘটনায় হাজারী-বাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন এবং পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের অধীনে মামলা করা হয়েছে।
