চকবাজারে আগুন

ওয়াহেদ ম্যানশন মালিকের দুই ছেলে রিমান্ডে

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০৮:৪২ পিএম

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শহীদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২ এপ্রিল হাইকোর্টের দেয়া তিন সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আইনজীবীর মাধ্যমে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ তাদের জামিনের বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। আহত হন অনেকে। ওই ঘটনায় আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় এ মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত