নির্বাচনে নির্যাতন

আইনশৃঙ্খলা কমিটির সভাতেও ব্যবস্থার দাবি

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১১:৪২ পিএম

এবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতেও সদর উপজেলা নির্বাচনে নৌকা সমর্থকদের প্রশাসন ও পুলিশ-বিজিবি কর্র্তৃক নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কমিটির সদস্যরা। এ ব্যাপারে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে এ সভায় পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইকবাল, পৌর মেয়র মিসেস নায়ার কবীরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, কমিটির সদস্যরা যে দাবি করেছেন তার বিষয়ে যাচাই-বাছাই করে দেখা হবে কোথাও কোনো সমন্বয়হীনতা হয়েছে কি না অথবা কেউ অতি উৎসাহী হয়ে বাড়াবাড়ি করেছে কি না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ গত ৩ এপ্রিল জেলা সদরের প্রধান সড়ক হাসপাতাল রোডে টায়ারে আগুন ধরিয়ে দুই ঘণ্টা অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে। পরের দিন ৪ এপ্রিল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেয় তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত