মতবিনিময় সভায় মেয়র খোকন

সিটির মতো রাজউক-ওয়াসাও ভাগ করার সময় এসেছে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০২:০৯ এএম

রাজউক, ওয়াসা ও তিতাসের মতো রাজধানীর সরকারি সেবা সংস্থাগুলোকেও উত্তর-দক্ষিণে বিভাজনের সময় এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। গতকাল সোমবার নগরভবনে ডিএসসিসিতে নবসংযুক্ত ১৮ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত নারী সদস্যের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সাঈদ খোকন বলেন, ‘রাজধানীতে যে হারে জনসংখ্যা বাড়ছে, সে হারে সরকারি সেবা সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি পায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটিকে উত্তর ও দক্ষিণে বিভাজন করেছেন যাতে শহরের সব মানুষের নগর সেবা নিশ্চিত করা যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ওয়াসা, ডেসা, রাজউক, তিতাসসহ সেবামূলক সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে এবং সেবার পরিধি বৃদ্ধি করতে উত্তর ও দক্ষিণে বিভাজন করা যায় কি না সেটা ভাবার সময় এসেছে।’

সেবা সংস্থাগুলোকে বিভাজন করা নিয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিবেন কি নাÑ সাংবাদিকদের এমন প্রশ্নে মেয়র বলেন, ‘এটা নিয়ে আরও আলাপ-আলোচনার বিষয় রয়েছে। ঢাকা সিটি ভাগ হওয়াতে সেবার মান বৃদ্ধি পেয়েছে। আমরা জনগণের দোরগোড়ায় যেতে পারছি। সংস্থাগুলো বিভাজিত হলেও সেবার মান বৃদ্ধি পেতে পারে। সুতরাং এটা নিয়ে নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, সংস্থাগুলোর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আলোচনা হতে পারে।’

নতুন ১৮ ওয়ার্ডকে মডেল শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে নতুন ওয়ার্ডগুলোর সড়কগুলো সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে চলাচলের উপযোগী করার প্রকল্প হাতে নিয়েছি। তবে পরিকল্পিত শহর গড়ে তুলতে সময় লাগবে। আজকের যে গুলশান আমরা দেখছি, এটি হয়েছে প্রায় ৭০ বছরে। উত্তরা হয়েছে প্রায় ৩০-৪০ বছরে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত