আসছে পহেলা বৈশাখে যাত্রা শুরু করবে রাজশাহী-ঢাকা-রাজশাহী রেলপথের প্রথম বিরতিহীন ট্রেন। নতুন এই ট্রেনটি চালু হলে চার ঘণ্টায় ঢাকা থেকে রাজশাহী যাওয়া সম্ভব হবে। এখনো এই ট্রেনটির নাম ঠিক হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাম ঠিক করবেন বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। এ জন্য রেল মন্ত্রণালয় থেকে হিমসাগর, রূপসী বাংলা ও বনলতা সেন নামে সম্ভাব্য তিনটি নাম বাছাই করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।
রেলওয়ের মহাপরিচালক রফিকুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘পহেলা বৈশাখ সকাল ৭টায় রাজশাহী থেকে রওনা দিয়ে ট্রেনটি ঢাকা পৌঁছাবে সকাল ১১টায়। নতুন ট্রেনটির নাম ঠিক করতে প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি নাম পাঠানো হয়েছে। দুয়েক দিনের মধ্যে নামটি ঠিক করে তিনি আমাদের জানিয়ে দেবেন।’
