সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয়ের মাঠ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১২:৪৭ পিএম

আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বাড়ি মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় চারপাশ। ফলে বর্ষা মৌসুমে এ বিদ্যালয় দুটিতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয় দুটি সোনারগাঁ উপজেলার পানাম নগরে অবস্থিত।

বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে দুর্ভোগ চরম আকারে ধারণ করে এ বিদ্যালয় দুটিতে।

খোঁজ নিয়ে জানা গেছে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় দিনের পর দিন বিদ্যালয়ের মাঠে পানি আটকে থাকে। ফলে শিক্ষার্থীরা তাদের ক্লাস রুমে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হয়।

একবার বৃষ্টি হলে বেশ কয়েক দিন পানি জমে থাকার কারণে পানি দূষিত হয়ে পড়ে। ফলে শিক্ষার্থীরা এ দূষিত পানি মাড়িয়ে শ্রেণিতে ঢুকতে হয়।

আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা সুলতানা জানান, সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয় চত্বরে পানি জমে যায়। ফলে শিক্ষার্থীদের নিয়ে দুর্ভোগে পড়তে হয়। এর স্থায়ী সমাধান জরুরি।

image

বাড়ি মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস কামরুন নাহার জানান, বৃষ্টি হলেই আমাদের স্কুলে পানি জমে যায়। দীর্ঘদিন ধরে এ সমস্যার মধ্যে আছি। কিন্তু কোনো সমাধান হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস জানান, বিদ্যালয় দুটিতে পানি নিষ্কাশন ও অন্যান্য উন্নয়নের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। আশা করি শিগগিরই এর সমাধান হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত