শাহ আমানতে ৯৬টি স্বর্ণবারসহ যাত্রী আটক

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০২:১৬ পিএম

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৯৬ টি সোনার বারসহ দিদারুল আলম (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছেন কাস্টমসের কর্মকর্তারা।

মঙ্গলবার সকালে বিমানবন্দরে তাকে আটক করা হয়। দিদারের বাড়ি রাউজান উপজেলায়।  

এ বিষয়ে বিমানবন্দর কাস্টমসের উপ- কমিশনার নুর উদ্দিন মিলন দেশ রূপান্তরকে বলেন, ‘মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইটে দিদারুল কাস্টমসের আনুষ্ঠানিকতা না সেরে দূরে দাঁড়িয়ে ছিল। আচরণ সন্দেহজনক হওয়ায় বিমানবন্দরে নিয়োজিত কাস্টমস কর্মকর্তারা তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১১ কেজি ২০০ গ্রাম ওজনের ৯৬ পিস স্বর্ণের উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৬ কোটি টাকা।’

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দিদার জানায় সে মাসকাটে গাড়ি চালায়। তিন দিন আগেই সে বাংলাদেশ থেকে মাসকাট যায়। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার শাহ আমানতে আবুধাবি থেকে আসা বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ২০০ সোনার বার উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। ২৩ কেজি ৪০০ গ্রাম ওজনের ওই সোনার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত