মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি পেটা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০৫:২১ পিএম

পটুয়াখালীর খেপুপাড়া নেছার উদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার গণিতের শিক্ষক জাকির হোসেনের (৩০) ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

সোমবার সরকারি মোজাহার বিশ্বাস কলেজের পেছনের সড়কে এ হামলার ঘটনায় ওই শিক্ষকের বাম পা ও মাথা গুরুতর জখম হয়।

আহত জাকির হোসেন ও স্থানীয়রা জানান, কলেজের পেছনের সড়ক দিয়ে কয়েকজন শিক্ষার্থীসহ মাদ্রাসার দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন যুবক রানা (২৮), রায়হান (৩০) ও নাদিম (২৮) তার ওপর লোহার অ্যাঙ্গেল, রেঞ্জ ও হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালায়।

তবে, কি কারণে গণিতের শিক্ষক জাকির হোসেনের ওপর হামলা চালিয়েছে তারা, তা জানা যায়নি।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম বলেন, শিক্ষক জাকিরের দুই পা, হাটু ও মাথায় গুরুতর জখম হয়েছে। সিটি স্ক্যান রিপোর্ট পেলে বোঝা যাবে আঘাত কতটা গুরুতর।   

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

হামলার ঘটনা শুনে হাসপাতালে আহত জাকির হোসেনকে দেখতে আসেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান, মাদ্রাসা অধ্যক্ষ আবদুল কাইয়ুমসহ বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা শিক্ষক সমিতির সহসভাপতি ও খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুর রহিম বলেন, এটা আসলেই দুঃখজনক ঘটনা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত