স্কুলছাত্রী জয়া নিহত

সড়কে নামল সহপাঠীরা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১০:১২ পিএম

গত ২ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুলবাড়িয়ায় চট্টগ্রামগামী তিশা পরিবহনের একটি বাসের চাপায় স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌস জয়া নিহত হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার তার সহপাঠীরা ওই এলাকার মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জয়ার সহপাঠী লিমা বলে, ‘আমরা আমাদের সহপাঠীর মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আজ নিরাপদ সড়কের দাবিতে সবাই আন্দোলনে নেমেছি। সরকারের কাছে আমাদের একটাই দাবি সরকার যেন আমাদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করে।’ আরেক সহপাঠী নাসরিন বলে, ‘জয়ার মৃত্যু কোনো সড়ক দুর্ঘটনা নয়। এটা একটি হত্যাকাণ্ড। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, জয়া নিহতের প্রতিবাদ ও বিচার দাবিতে তার সহপাঠীরা মহাসড়ক অবরোধ করেছিল। বুঝিয়ে তাদের সরিয়ে দিয়েছি। সাময়িক সময়ের জন্য মহাসড়কে যানজট সৃষ্টি হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক। ওসি মনিরুজ্জামান জানান, জয়া নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তারপরও পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। উপজেলার রতনদী গ্রামের দুবাই প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে জয়া মোগরাপাড়া সরকারি এইচজিজিএস স্মৃতি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত