গত ৪০ দিন ধরে নষ্ট হয়ে অকেজো পড়ে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সেবাপ্রত্যাশী নি¤œ আয়ের মানুষ।
২৫০ শয্যাবিশিষ্ট সরকারি এই সেবাকেন্দ্রে ব্রাহ্মণবাড়িয়াসহ প্রতিদিন হবিগঞ্জের কয়েকটি উপজেলার হাজার হাজার মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। এ হাসপাতালের ৩০১ নম্বর কক্ষটিতে বসানো হয়েছে জরুরি স্বাস্থ্য পরীক্ষার আল্ট্রাসনোগ্রামের দুটি মেশিন। গতকাল মঙ্গলবার সকালে জেলা সদর হাসপাতালের এই কক্ষটির সামনে গিয়ে দেখা যায়, দরজায় তালা ঝুলছে। দরজায় আল্ট্রাসনোগ্রাম না হওয়ার নোটিস ঝোলানো হয়েছে। কিন্তু দাঁড়ানো কয়েকজন নারী খোঁজ করছেন আল্ট্রা করানোর কেউ আছে কি না। কক্ষটি বন্ধ দেখে ক্ষোভ প্রকাশ করেন রোগী ও তাদের স্বজন।
জেলা সদর হাসপাতালের এক্স-রে ও আল্ট্রা বিভাগের ইনচার্জ জহিরুল হক জানান, মার্চের ১ তারিখ থেকেই আল্ট্রাসনোগ্রাম করানো যাচ্ছে না। যান্ত্রিক ত্রুটির কারণে মেশিন দুটি অকেজো পড়ে আছে। রোগীর স্বজন রোশনারা বেগম বলেন, ‘অনেক দূর থেকে আমার মেয়েকে আল্ট্রাসনোগ্রাম করানোর জন্য নিয়ে এসেছি। সরকারি মেশিন যদি নষ্ট থাকে তবে আমাদের মতো গরিব মানুষ কোথায় যাব?’
হাসপাতালের সুপারিনটেনডেন্ট শওকত হোসেন জানান, মেশিন দুটি সংস্কারে সরবরাহকারী প্রতিষ্ঠান দুটিকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।
