১১ বছরেও হয়নি খুলনা মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি। তিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটি দিয়ে দীর্ঘ সময় পার হওয়ায় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ২০০৮ সালের ৬ জানুয়ারি তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
নেতাকর্মীরা জানান, ২০০৩ সালের এপ্রিলে মহানগর যুবলীগের সম্মেলনে আনিসুর রহমান পপলু সভাপতি ও আলী আকবর টিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই বছর ২৭ জুলাই ৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা ঘোষণা হয়। অন্তর্দ্বন্দ্বের কারণে ২০০৪ সালের শেষের দিকে কমিটি ভেঙে দেওয়া হয়। এর চার বছর পর ২০০৮ সালের ৬ জানুয়ারি আরেকটি সম্মেলনের লক্ষ্যে অ্যাড. আনিসুর রহমান পপলুকে আহ্বায়ক, মনিরুজ্জামান সাগর ও হাফেজ মো. শামিমকে যুগ্ম-আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়। ৯ মাস পর ৪৮ জনকে সদস্য করে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা হয়। তারা সম্মেলনের উদ্যোগ নিতে না পারায় আহ্বায়ক কমিটিতেই থমকে আছে মহানগর যুবলীগের কার্যক্রম।
এরই মধ্যে সেই কমিটির তানজীর আশরাফ যুথী, নাসিম সরদার ও এফ এম আবুল কামাল মারা গেছেন। যুগ্ম-আহ্বায়ক শামিম, তসলিম আহম্মেদ আশা নগর আওয়ামী লীগে পদ পেয়েছেন। একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন বিমান সাহা। মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি সফিকুর রহমান পলাশ বলেন, ‘সম্মেলন না হওয়ায় তরুণ নেতারা দলে আসতে পারছে না। ফলে সংগঠন শক্তিশালী হচ্ছে না। আমাদের দাবি, দ্রুত সম্মেলন দেওয়া হোক।’ বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক হাফেজ মো. শামিম বলেন, ‘দীর্ঘদিন হয়ে গেল কমিটি হচ্ছে না। এভাবে একটি সংগঠন চলতে পারে না। আনিসুর রহমান পপলুর সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার কল দেওয়া হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
