গণি রোডে পুলিশের ডিজিটাল কার পার্কিং চালু

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১২:৩৫ এএম

রাজধানীর আব্দুল গণি রোডে ডিএমপির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের পাশে চালু করা হয়েছে পুলিশের ৮ তলা বিশিষ্ট ডিজিটাল কার পার্কিং। গতকাল মঙ্গলবার আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বড় বড় শহর বিশেষ করে রাজধানী ঢাকায় জায়গা খুব অপ্রতুল। তাই জায়গার সর্বোত্তম ব্যবহার করতে হবে। এক্ষেত্রে মাল্টিলেভেল ডিজিটাল কার পার্কিং একটি অনন্য উদ্যোগ। এর ফলে অল্প জায়গায় বেশি গাড়ি পার্ক করা সম্ভব। পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইজিপি আরও বলেন, ডিজিটাল কার পার্কিং একটি সময়োপযোগী ব্যবস্থা। বিশ্বের অনেক দেশে এ ধরনের কার পার্কিং রয়েছে। বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যাও বাড়ছে। এসব গাড়ি রাখার জন্য ডিজিটাল পার্কিং স্থাপন করা প্রয়োজন। তিনি বলেন, পরীক্ষামূলকভাবে এ পার্কিং স্থাপন করা হলো। পর্যায়ক্রমে বড় বড় শহরে এ ধরনের পার্কিং স্থাপন করা হবে। অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত