প্রধানমন্ত্রীর নির্দেশ

সরকারি কর্মকর্তাদের সপরিবারে গ্রামে থাকতে হবে

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০১:৪৫ এএম

মাঠ পর্যায়ে নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সপরিবারে গ্রামে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শুধু প্রকল্প পরিচালকরাই (পিডি) প্রকল্প এলাকায় থাকতে চান না সেটি নয়, সরকারি অফিসাররাও মাঠ পর্যায়ে থাকতে চান না। এজন্য সরকারি কর্মচারীরা যাতে মাঠ পর্যায়ে থাকেন তার ব্যবস্থা করার নির্দেশনা দেন শেখ হাসিনা।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলাকালীন এ নির্দেশনা দিয়েছেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক-পরবর্তী ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় ৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। ব্রিফিংয়ে এসব প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।

একনেক সভায় প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি কর্মকর্তারা গ্রামে থাকতে চান না। তারা থাকলেও পরিবার থাকে ঢাকায়। এ অবস্থায় তাদের মন পড়ে থাকে পরিবারের কাছে। ফলে জনগণকে সঠিক সেবা দিতে পারেন না। এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীরা যাতে পরিবার নিয়ে গ্রামে কর্মস্থলে থাকতে পারেন সেজন্য পরিবেশ সৃষ্টি করতে হবে।’

মান্নান বলেন, সরকারি কর্মচারীদেরও গ্রামে থাকা প্রয়োজন। এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আরও কয়েকটি নির্দেশনা দিয়েছেন তিনি। এগুলোর মধ্যে  রয়েছে এখন থেকে যেসব সরকারি বিল্ডিং তৈরি হবে সেগুলো যেন খোলামেলা হয়। পর্যাপ্ত ফাঁকা স্থান বা বারান্দা  থাকে সে ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যাতে দর্শনার্থীরা সহজেই হাঁটাচলা করতে পারেন এবং আগুন লাগলে ফায়ার কর্মীরা আটকে পড়াদের সহজেই উদ্ধার করতে পারেন। মইয়ের মধ্যে থেকে উদ্ধার করা কঠিন কাজ। এ ছাড়া যেসব পুকুর রয়েছে সেগুলো বন্ধ করা যাবে না। প্রয়োজন হলে নতুন করে পুকুর কাটতে হবে। যাতে আগুন লাগলে সেই পানি ব্যবহার করা যায়।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন, কোনো প্রকল্পের জন্য কৃষিজমি বা গরিব মানুষ ও বর্গাচাষিদের জমি নেওয়া যাবে না। একান্তই যদি জমি নিতে হয় তাহলে জমির দাম তিনগুণ দেওয়ার পাশাপাশি প্রকল্প শুরুর আগেই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া প্রতি বছর নদীগুলো ড্রেজিং করারও নির্দেশনা দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত