চৈত্রসংক্রান্তির নিরামিষ ভোজ

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০৯:০৪ পিএম

চৈত্রসংক্রান্তিতে পেঁয়াজবিহীন  নিরামিষের রেসিপি দিলেন উম্মাহ মোস্তফা

আম-সজনে ডাঁটার ঝোল

উপকরণ

আম ১টি, সজনে ডাঁটা আধ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ১টি, সরিষা বাটা ১ চা চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, লবণ সিকি চা চামচ

যেভাবে তৈরি করবেন

১. সজনে ডাঁটা ধুয়ে এক আঙুল পরিমাণ লম্বা করে কেটে নিন।

২. আমও ফালি ফালি করে কেটে রাখুন।

৩. এবার তেলসহ সব মসলা দিয়ে মাখিয়ে অল্প পানি দিয়ে মাঝারি আঁচে চুলায় দিন সজনে ডাঁটা।

৪. আম সেদ্ধ ও গলা গলা হয়ে ঘন ঝোল হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 

বেগুনের খাট্টা ডাল

উপকরণ

লম্বা বেগুন দুটি, মসুর ডাল এক কাপ, মুগের ডাল আধা কাপ, তেঁতুলের মার সিকি কাপ, আদা-রসুন বাটা এক চা চামচ, চিনি এক টেবিল চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচের গুঁড়া এক চা চামচ, লবণ আধা চা চামচ, সরিষার তেল দুই টেবিল চামচ এবং ধনেপাতা কুচি দুই টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. বেগুনের বোঁটাসহ লম্বা লম্বা করে তিন ইঞ্চি পরিমাণ কেটে নিন।

২. কড়াইয়ে তেল গরম করে তাতে বেগুন ভাজুন।

৩. ডাল সেদ্ধ করে নিন।

৪. এবার সেদ্ধ করা ডাল ভাজা বেগুনের তেলের মধ্যে দিয়ে কষিয়ে সব গুঁড়া আর বাটা মসলা দিন।

৫. কষিয়ে পানি দিন। ডাল ঘন বা পাতলা যেটা খাবেন সে রকম রেখে নামানোর আগে তেঁতুলের মার ও চিনি দিয়ে নামিয়ে নিন।

আস্ত করলা ভাজি

উপকরণ

দেশি ছোট করলা ১৪টি, হলুদ গুঁড়া এক চিমটি, লবণ এক চা চামচ, সরিষার তেল দুই টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. কড়াইয়ে তেল গরম করে তাতে ছোট আস্ত দেশি করলা দিয়ে ভাজুন।

২. এবার একে একে হলুদ ও লবণ দিয়ে দিন।

৩. পাঁচ থেকে আট মিনিটের মতো ভেজে হালকা নরম হলে নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

ঢেঁড়স ভাজি

উপকরণ

ঢেঁড়স ২৫০ গ্রাম, হলুদ গুঁড়া এক চিমটি, কাঁচামরিচ বাটা এক চা চামচ, আদা ও রসুন বাটা মিলিয়ে আধা চা চামচ, লবণ আধা চা চামচ এবং সরিষার তেল তিন টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. ঢেঁড়স কেটে তাতে সরিষার তেল মেখে চুলার আগুনে ধরে এক মিনিটের মতো পুড়িয়ে নিন।

২. কড়াইয়ে তেল গরম করে একে একে সব উপকরণ দিন।

৩. ভাজা হলে তাতে পোড়া ঢেঁড়স দিয়ে পাঁচ মিনিটের মতো উচ্চ আঁচে ভেজে নামিয়ে পরিবেশন করুন।

পাঁচমিশালি ডালের ভর্তা

উপকরণ

মসুর ডাল সিকি কাপ, মুগের ডাল সিকি কাপ, বুটের ডাল সিকি কাপ, কালাইয়ের ডাল সিকি কাপ, খেসারির ডাল সিকি কাপ, হলুদ আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি ৩টা, ধনেপাতা কুচি সিকি কাপ, সরিষার তেল সিকি কাপ, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. ডাল আলাদা করে লবণ দিয়ে সেদ্ধ করে নিন।

২. এবার ডাল ভালো করে ব্লেন্ড করুন।

৩. ফ্রাইপ্যানে সরিষার তেল ভালোভাবে গরম করে তাতে সব ডাল দিয়ে ভাজুন।

৪. এরপর বাকি উপকরণ দিয়ে ৩ মিনিটের মতন রেখে নামিয়ে পরিবেশন করুন।

পোড়া পটোলের ভর্তা

উপকরণ

পটোল ৬টা,  টালা শুকনা মরিচ ৫টা, সরিষার তেল ২  টেবিল চামচ, ধনে পাতা কুচি ৩ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. পটোলের গায়ে সামান্য তেল মাখিয়ে আগুনে পুড়ে নিন ৪ মিনিটের মতন।

২. এবার চটকে সব উপকরণ মিশিয়ে ভর্তা বানিয়ে নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত