বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চোখে কাপড় বেঁধে অবস্থান, অসুস্থ এক শিক্ষার্থী

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৩:৫০ এএম

ছাত্রীদের যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বুধবার আন্দোলনের চতুর্থ দিন শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে চোখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. আক্কাস আলীর বিচার ও স্থায়ী অপসারণের দাবিতে আন্দোলনরত একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেজবাউল হাসান অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল দুপুরে তার শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে ও পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিএসই বিভাগের সামনে বুধবার সিএসই বিভাগের শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে অবস্থান ধর্মঘট পালন করে। ছাত্রীরা তাদের সুরক্ষার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে। এ সময় বিভিন্ন ধরনের লেখাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন বিক্ষুব্ধরা। অনেকেই অভিযোগ করেছেন, আন্দোলন থেকে সরে যেতে তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

প্রসঙ্গত, সিএসই বিভাগের দুই ছাত্রীকে যৌন হয়রানির ঘটনার অভিযোগপত্র ও অডিও রেকর্ড সম্প্রতি অনলাইনে ভাইরাল হলে গত রবিবার থেকে অভিযুক্ত শিক্ষক আক্কাস আলীর শাস্তি ও চাকরিচ্যুতির দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর থেকে ক্যাম্পাসে ক্লাসপরীক্ষা বন্ধ রয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষককে সিএসই বিভাগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি ও ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত