আমরা কারও কাছ থেকে পিছিয়ে থাকব না : প্রধানমন্ত্রী

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৩:৫২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞানী ও গবেষকদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, ‘দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অধিকতর গবেষণা প্রয়োজন। বিজ্ঞানী ও গবেষকরা যদি আরও ভালো করে গবেষণা করেন তাহলে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে বাংলাদেশ আরও বেশি উৎকর্ষ লাভ করবে।’

গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কারও কাছ থেকে পিছিয়ে থাকব না সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।  কারণ ১৬ কোটি মানুষের খাদ্য এবং বাসস্থানের ব্যবস্থা আমাদের করতে হবে। তাদের সুস্বাস্থ্যের অধিকারী করতে হবে। স্বাস্থ্যবিজ্ঞান থেকে নিয়ে সর্বক্ষেত্রে আমি মনে করি গবেষণাই হচ্ছে একমাত্র পথ। সব ক্ষেত্রে গবেষণাই হচ্ছে একমাত্র পথ। গবেষণার মধ্য দিয়েই সমাজকে আমরা গড়ে তুলতে পারি।’

অর্থনৈতিকভাবেও আমরা যথেষ্ট স্বাবলম্বিতা অর্জন করেছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর রহমতে এখন আমরা উন্নয়নশীল দেশ। কাজেই আমাদের দেশে আরও বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং গবেষক তৈরি হোক সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা ‘বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স অ্যান্ড আইসিটি’ প্রকল্প বাস্তবায়িত করছি।’

প্রধানমন্ত্রী বলেন, আমরা ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট’ গঠন করেছি। এই ট্রাস্টের আওতায় প্রতি বছর বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দেশে ও বিদেশে অধ্যয়ন ও গবেষণার জন্য ফেলোশিপ দেওয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রী এ সময় ট্রাস্ট ফান্ড গঠনের প্রয়োজনীয়তার উল্লেখ করে বলেন, অতীতে দেখা গেছে ট্রাস্ট ফান্ড না থাকার দরুন অনেক গবেষণা কর্মকা-ই অর্ধেক চলার পরে পরবর্তী সরকার এসে তা বন্ধ করে দিয়েছিল। সেটা যেন আর না হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আ ফ ম রুহুল হক।  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব প্রকৌশলী আনোয়ার হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ফেলোশিপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং গবেষকদের মাঝে গবেষণা অনুদানের চেক বিতরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত