সুদানের প্রেসিডেন্ট বশির গ্রেপ্তার, সেনা অভ্যূত্থান

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১২:৪৬ এএম

গণবিক্ষোভের মুখে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী।

সুদানের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সেনা অভুত্থানে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট ওমর আল বশির। পরে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই তথ্য জানিয়েছেন।

টানা প্রায় ৩০ বছর ক্ষমতায় থাকা সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা নিয়েছে দেশটির সেনাবাহিনী।

পরবর্তী নির্বাচনের পর নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত দুই বছরের জন্য দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। একই সঙ্গে তিন মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও খবর প্রকাশ পেয়েছে।

১৯৮৯ সালে ব্রিগেডিয়ার ওমর আল বশির আরও কিছু ইসলামপন্থী সেনাকর্মকর্তাকে সাথে নিয়ে সুদানের ক্ষমতা দখল করেন। তিনিই হচ্ছেন দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট। অবশ্য এর আগেও তাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা হয়েছে, তবে সেসব প্রচেষ্টা সফল হয়নি।

পাউরুটির দাম বাড়িয়ে দেওয়ায় গত বছরের ডিসেম্বর থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলন শুরু হয়েছে আফ্রিকার এই দেশটিতে। মূলত অর্থনৈতিক দুরবস্থা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বশিরের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়। তবে ধীরে ধীরে তা বশিরকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে রূপ নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত