কাল মারমাদের সাংগ্রাই শুরু

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০১:৩৮ এএম

বান্দরবানে আগামীকাল (শনিবার) থেকে শুরু হচ্ছে মারমাদের বর্ষবরণ উৎসব সাংগ্রাই। সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হবে। চার দিনব্যাপী এ উৎসবের প্রথম দিন ১৩ এপ্রিল সকালে অনুষ্ঠিত হবে মিনি ম্যারাথন দৌড়। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বয়োজ্যেষ্ঠ পূজা। ১৪ এপ্রিল বিকেলে শহরের উজানীপাড়া খেয়াঘাটে বুদ্ধ মূর্তিস্নান অনুষ্ঠানের আয়োজন থাকবে। এরপর শহরের বিভিন্ন পাড়ায় রাতব্যাপী পিঠা তৈরির আয়োজন থাকছে। ১৫ ও ১৬ এপ্রিল বিকেলে শহরের রাজার মাঠে মৈত্রী পানিবর্ষণ উৎসব অনুষ্ঠিত হবে। এর সঙ্গে থাকবে আলোকচিত্র প্রদর্শনী, মারমাদের ঐতিহ্যবাহী নানা খেলাধুলার আয়োজন এবং সন্ধ্যায় মারমা শিল্পীগোষ্ঠী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসব উদযাপন কমিটির সভাপতি থেওয়াং এবং সাধারণ সম্পাদক কোকোচিং মারমা জানান, উৎসবকে বর্ণাঢ্য এবং সুশৃঙ্খল করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত