পহেলা বৈশাখে নগরবাসীর জন্য পায়ে হেঁটে ও যান চলাচলের বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার ডিএমপির ট্রাফিক বিভাগের এ নির্দেশনায় বলা হয়েছে, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ধানমণ্ডি রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় বিভিন্ন সংগঠনের আয়োজনে দিনব্যাপী চলবে বর্ষবরণের অনুষ্ঠান। এজন্য ওইসব এলাকায় প্রবেশ ও বাহির হওয়ার জন্য নির্ধারিত গেট ব্যবহার করতে বলেছে ট্রাফিক দক্ষিণ বিভাগ।
রমনা পার্কে প্রবেশের পথ : রমনা রেস্তোরাঁ গেইট, অস্তাচল গেইট (শিশু পার্কের বিপরীতে), অরুণোদয় গেইট (সুগন্ধার বিপরীতে), শ্যামলীমা গেইট (কাকরাইল মসজিদের দক্ষিণে), স্টার গেইট (মৎস্য ভবন ক্রসিং) ও নতুন গেইট (বৈশাখী অস্তাচল গেইটের মাঝামাঝি)।
রমনা পার্ক থেকে বের হওয়ার পথ : উত্তরায়ণ গেইট (মিন্টো রোডের পশ্চিম প্রান্ত), বৈশাখী গেইট (আইইবির বিপরীতে), শ্যামলীমা গেইট (কাকরাইল মসজিদের দক্ষিণে), স্টার গেইট (মৎস্য ভবন ক্রসিং) ও নতুন গেইট (বৈশাখী অস্তাচল গেইটের মাঝামাঝি)।
সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের পথ : শিখা চিরন্তন গেইট, বাংলা একাডেমির বিপরীতে নতুন গেইট ও তিন নেতার মাজারসংলগ্ন গেট। নিরাপত্তার জন্য টিএসসির বিপরীত পাশের গেইট ও ছবিরহাট গেইট বন্ধ থাকবে।
সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হওয়ার পথ : রমনা কালীমন্দির গেইট ও আইইবি গেইট। তবে বিকেল ৫টার পর সব গেইট দিয়েই প্রবেশ ও বাহির হওয়া যাবে।
যান চলাচলের বিকল্প রুট : বাংলামোটর-রূপসী বাংলা-টিএসসি-দোয়েল চত্বর রুট বন্ধ থাকবে; এই রুটে চলাচলকারীদের মিরপুর রোড-সায়েন্স ল্যাবরেটরি-নিউমার্কেট-আজিমপুর-বকশীবাজার-চানখারপুল-গুলিস্তান রুট ব্যবহার করতে হবে। ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস্য ভবন-কদম ফোয়ারা রোডে চলাচলকারী যানবাহনকে রাসেল স্কোয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমনি-ইউবিএল ও গুলিস্তান রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং রোডে যান চলাচল বন্ধ থাকবে; এই রুটের গাড়িগুলো ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও রুট ব্যবহার করবে। এ ছাড়া বকশীবাজার-শহীদ মিনার ও টিএসসি রুট, শহীদুল্লাহ হল ক্রসিং থেকে দোয়েল চত্বর এবং নীলক্ষেত থেকে টিএসসি পর্যন্ত সকল রাস্তা বন্ধ থাকবে।
