একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি নেতাদের তোপের মুখে পড়েছেন সিলেট-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান। মহিলা দলের নেত্রীরা আক্রমণাত্মক হয়ে উঠলে তিনি তড়িঘড়ি করে বক্তৃতা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে।
এনজিও ‘আইডিয়া’ সিলেট আওয়ামী লীগ ও বিএনপির নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ‘শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবাসমূহের মানোন্নয়ন শীর্ষক অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক এক সভার আয়োজন করে। অনুষ্ঠানের এক পর্যায়ে হাজির হন সম্প্রতি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া মোকাব্বির। তাকে দেখেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বিএনপি নেতারা। আয়োজকদের কাছে দাবি জানান, মোকাব্বিরকে অনুষ্ঠানে না রাখতে। এ সময় বিএনপি নেতারা হলের বাইরে চলে আসেন। মহিলা দলের কয়েকজন নেত্রী মোকাব্বিরের ওপর আক্রমণাত্মক হয়ে উঠলে বিএনপি নেতারা তাদের শান্ত করেন। এ অবস্থায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে হল ত্যাগ করেন মোকাব্বির।
তবে তোপের মুখে পড়ার কথা অস্বীকার করে দেশ রূপান্তরকে মোকাব্বির বলেন, ‘আমন্ত্রিত অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে গিয়েছিলাম এবং যথারীতি বক্তব্য দিয়ে বেরিয়েছি। কাউকে কোনো শব্দ করতে দেখিনি। যারা এসব বলছে, তারা অপপ্রচার চালাচ্ছে।’
অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘মোকাব্বির সাহেব এই অনুষ্ঠানে যোগ দেবেনÑ এটা আমাদের জানা ছিল না। উনাকে দেখে আমরা আয়োজকদের কাছে এর কারণ জানতে চাই এবং দ্রুত উনাকে হল থেকে বের করে দিতে বলি। পাশাপাশি আমরা হলের বাইরে চলে আসি। তখন হলের বাইরে মহিলা দলের নেত্রীরা মারমুখী হয়ে উঠলে আমি এবং মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন তাদের শান্ত থাকতে বলি। কিছুক্ষণের মধ্যেই আয়োজকরা মোকাব্বির খানকে বিদায় জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়।’
অনুষ্ঠানের আয়োজক সংস্থা আইডিয়া’র নির্বাহী পরিচালক নজমুল হক বলেন, ‘আমরা এই অনুষ্ঠানে সিলেট জেলার সব এমপিকে দাওয়াত করেছিলাম। তাদের মধ্যে কেবল মোকাব্বির খান উপস্থিত হয়েছিলেন। উনি আসায় বিএনপি নেতারা ক্ষুব্ধ হয়ে হলের বাইরে চলে যান। এরপর আমাদের অনুরোধে মোকাব্বির খান সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে ৫ মিনিটের মধ্যে চলে গেলে বিএনপি নেতারা হলে ফিরে আসেন।’
অনুষ্ঠানে উপস্থিত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ জানান, মোকাব্বির খান আসায় বিএনপি নেতারা অনুষ্ঠান বয়কট করে বাইরে চলে যান। কিছুক্ষণের মধ্যে মোকাব্বির চলে গেলে উনারা আবার ফিরে আসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজিসহ উভয় দলের আরও বেশ কয়েকজন নেতাকর্মী।
