বৃহস্পতিবার থেকে ভারতে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। সাত দফায় দেশটির ইতিহাসে সবচেয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারণার চালু হওয়া টিভি চ্যানেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল দেশটির নির্বাচন কমিশন।
এনডিটিভি জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সমস্ত কাজকর্মের প্রচারের জন্য চালু হওয়া ২৪ ঘণ্টার চ্যানেল ‘নমো টিভি’-তে সম্প্রচার হওয়া রাজনৈতিক কোনো বিষয়বস্তু দেখানো যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
কমিশনের পক্ষ থেকে দিল্লির মুখ্য নির্বাচনী অফিসারকে একটি চিঠি লিখে এ নিষেধাজ্ঞা জানিয়ে দেওয়া হয়েছে।
এর আগে বুধবার সকালে নরেন্দ্র মোদীর বায়োপিক নির্বাচনের সময় রিলিজ করানো যাবে না বলে নির্দেশ দেয় কমিশন। এ ছাড়া পোস্টারসহ কোনো রকম প্রচারমূলক বিষয়ের ওপরও নিষেধাজ্ঞা জারি করে কমিশন।
একইভাবে বাধার মুখে পড়তে চলেছে নমো টিভি-ও। গত মাসেই আচমকা এই চ্যানেলটি চালু হয়। তারপর থেকেই চ্যানেলটি কংগ্রেস এবং আম আদমি পার্টি সহ বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়ে।
তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন জনসভায় নমো টিভি নিয়ে বিজেপিকে আক্রমণ করেন।
কমিশন ওই চিঠিতে স্পষ্ট করে জানিয়েছে, “নির্বাচনের সময় এমন কোনো ছবি ইলেকট্রনিক মাধ্যমে চলা উচিত নয়, যা পরিস্থিতিকে অযাচিতভাবে কোনো বিশেষ দলের অনুকূলে এনে দিতে পারে।”
নির্বাচন কমিশনের নির্দেশে আরও বলা হয়, নির্বাচন চলাকালীন যে যে জায়গায় মডেল কোড অব কনডাক্ট চালু রয়েছে সেসব পরিস্থিতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো বিশেষ প্রার্থীর অনুকূলে আনার জন্য ইলেকট্রনিক মাধ্যমকে ব্যবহার করা উচিত নয়।
এদিকে বিরোধীরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কংগ্রেস নেতা সঞ্জয় ঝাঁ বলেন, “নির্বাচন কমিশন যে এই সিদ্ধান্তটি নিয়েছে, তার জন্য আমি গর্বিত। দেশের শাসক দলের এমন ভূমিকা গোটা ভারতের কাছেই অত্যন্ত লজ্জাকর একটি বিষয়।”
