বানরকে আরও স্মার্ট করতে তাদের ব্রেনে মানুষের ব্রেন থেকে নেওয়া বিশেষ এক প্রকার জিন স্থাপন করে সফল হওয়ার দাবি করেছেন চীনের কয়েক জন বিজ্ঞানী।
সিএনএন জানিয়েছে, কুনালিং ইনস্টিটিউটের নেতৃত্বে চীনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই গবেষণাটি করা হয়।
চীন ভিত্তিক জার্নাল ন্যাশনাল সায়েন্স রিভিউতে বলা হয়, এই প্রথম কোনো দেশে এমন গবেষণা করা হলো।
গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা বলছেন, মানুষের MCPH1 জিনটি ১১টি বানরের শরীরে স্থাপন করা হয়। এই জিনটি ব্রেনের উৎকর্ষ বাড়াতে সাহায্য করে।
বিজ্ঞানীদের দাবি, এটি স্থাপন করার পর বন্য বানরের চেয়ে গবেষণার বানররা স্মরণ শক্তিতে বেশি দক্ষতা দেখিয়েছে।
পরীক্ষার সময় ছয়টি বানর মারা যায়। বাকি পাঁচটি দিয়ে গবেষণা চালানো হয়।
গবেষণাটি নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন এর নৈতিক দিক নিয়ে প্রশ্ন তুলেছে। ছয়টি বানর মারা যাওয়াকে তারা ‘অস্বাভাবিক’ বলছেন।
চীনের বিজ্ঞানীদের দাবি, মানুষের শারীরিক সমস্যা নিয়ে গবেষণা করতে এই কাজটি করা হয়েছে।
