নওগাঁর আত্রাইয়ে ডোবা থেকে বকুল (২৬) নামে এক মাইক্রোচালকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপার ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বকুল উপজেলার শাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামের আকবর আলী মন্ডলের ছেলে।
মৃত বকুলের বাবা বলেন, বকুল দীর্ঘ দিন ধরে ঢাকায় মাইক্রো চালাত। ঢাকায় থাকা অবস্থায় গত দুই দিন যাবৎ তার পরিবারের লোকজন তার মোবাইল ফোন বন্ধ পায়। তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারে না। শুক্রবার বিকেলে থানা থেকে ফোন দিয়ে বকুলের মৃত্যুর বিষয়টি জানায় পুলিশ।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপাড় ব্রিজের নিচে ডোবা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশটির মুখমন্ডল ও মাথার পেছনে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ছুরি দিয়ে তাকে হত্যা করে ডোবার পানিতে ফেলে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
