এবার কাগজে আসছে নেটফ্লিক্স

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০১:১৩ এএম

এতদিন মোবাইল বা টিভির স্ক্রিনে চোখ রেখেই নেটফ্লিক্স উপভোগ করেছেন দর্শকরা। কিন্তু এবার তাকে হাতে নিয়ে পড়াও যাবে। অবাক হলেও এমন খবরই জানা গেছে।

আসল ঘটনা হলোÑ প্রথমবার একটি ম্যাগাজিন প্রকাশের পরিকল্পনা করেছে বিশে^র সবচেয়ে জনপ্রিয় এই ডিজিটাল প্ল্যাটফর্ম। তবে বাজারে যেভাবে অন্যান্য সংবাদপত্র কিংবা ম্যাগাজিন কেনেন, সেভাবে এই ম্যাগাজিন স্ট্যান্ড পাওয়া যাবে না। এটি ব্যবহৃত হবে নেটফ্লিক্সের শোগুলোর প্রচারের জন্য। এই সংস্থা ঠিক করেছে, ‘ওয়াইড’ নামে প্রকাশ পাবে এই ম্যাগাজিন। চলতি বছরই হবে ছোটপর্দার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান এমি’স। তারই প্রস্তুতি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার পেতে নিজেদের শো এবং তারকাদের বড় করে প্রচার করতে চাইছে নেটফ্লিক্স। ১০০-রও বেশি পাতার এই ম্যাগাজিনে থাকবে অভিনেতা-অভিনেত্রীদের সাক্ষাৎকার। থাকবে বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করা কর্মীদের নিয়ে ফিচার, আর্টিক্যাল ইত্যাদি। শোনা যাচ্ছে, আগামী জুনেই প্রকাশিত হবে ম্যাগাজিনটি। সেই সময়ই টেলিভিশন একাডেমির সদস্যরা এমি অ্যাওয়ার্ডের জন্য ভোট দেওয়া শুরু করবেন। এমন অভিনব প্রচারের মাধ্যমে এই প্ল্যাটফর্মের পুরস্কার জয়ের আশা আরও বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

গত বছর ৭০০টি প্রোগ্রাম এনেছিল নেটফ্লিক্স। যার মধ্যে ছিল সিনেমা, টিভি সিরিজ, তথ্যচিত্র, অ্যানিমেশন, কমেডি শো ইত্যাদি। জনপ্রিয়তায় শীর্ষস্থান ধরে রাখতে এবং হলিউডে পুরস্কার জিততে বিপুল পরিমাণ অর্থও লগ্নি করেছে নেটফ্লিক্স। সেই কারণেই দিনের পর দিন এর সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে চলেছে। বর্তমানে বাংলাদেশেও ডিজিটাল এই প্ল্যাটফর্মের উল্লেখযোগ্য সংখ্যক সাবস্ক্রাইবার রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত