পহেলা বৈশাখে নগরীতে সবচেয়ে বড় মঙ্গল শোভাযাত্রা বের করে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ। এই শোভাযাত্রাকে আরও আকর্ষণীয় হিসেবে গড়ে তুলতে এবার থাকছে ‘পঙ্খিরাজ’। কলেজ শিক্ষার্থীরা সেটাতে সর্বশেষ তুলির আঁচড় দিচ্ছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ উন্নয়নে যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থায় রাজশাহী কলেজ যে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেÑ সেটাকে বোঝানোর জন্য ডানাওয়ালা পঙ্খিরাজের বিষয়টি ভাবনায় আনা হয়েছে।’
পহেলা বৈশাখ সকালে কলেজ মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন অধ্যক্ষ। তার নেতৃত্বে সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের সদস্যদের নিয়ে আলাদা আলাদা ব্যানারে বের হবে মঙ্গল শোভাযাত্রা। রাজশাহীর সবচেয়ে বড় এই শোভাযাত্রাটি নগরীর আলুপট্টি মোড় হয়ে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হবে। থাকছে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অন্যান্য বার মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন প্রাণীর রং-বেরঙের মুখোশ থাকলেও এবার এটি থাকছে না বলে জানান অনুষ্ঠানের আহ্বায়ক অর্থনীতি বিভাগের অধ্যাপক আবদুল খালেক। তিনি বলেন, ‘মুখোশ ব্যবহারে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা রয়েছে। সেজন্য এবার মুখোশ রাখা হয়নি।’ তিনি জানান, গ্রামবাংলার চিত্র থাকবে এবারের শোভাযাত্রায়। বর-বধূ, পালকি, কৃষক-কৃষানি, জেলে, ঠাকুর, পাদরি, গেরুয়া পোশাকে বাউলের অংশগ্রহণ থাকবে শোভাযাত্রায়।
