নারী-শিশু নির্যাতন মহামারী ধারণ করেছে : রিজভী

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০১:৫৮ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আইনের শাসন না থাকায় দেশে এক ভয়ংকর অরাজক পরিস্থিতি বিরাজ করছে। প্রতিদিন নানা দুর্ঘটনায় মানুষের প্রাণহানির পাশাপাশি নারী ও শিশু নির্যাতন এখন মহামারী আকার ধারণ করেছে।’ গতকাল শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত তাঁতী দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।

রিজভী আরও বলেন, ‘সারা দেশ যেন এক মৃত্যু উপত্যকায় রূপান্তরিত হয়েছে। বর্তমান স্বৈরাচারী সরকারের নিষ্ঠুর শাসন থেকে মুক্তি পেতে জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে বিএনপি ঘোষিত সকল আন্দোলন-সংগ্রামে দলমত নির্বিশেষে সকলকে ঝাঁপিয়ে পড়ার কোনো বিকল্প নেই।’ এক্ষেত্রে জাতীয়তাবাদী তাঁতী দলের নেতাকর্মীরাও বীরদর্পে লড়াই চালিয়ে যেতে পিছপা হবে না বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির তাঁতীবিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত