ব্লাড ক্যানসারের হাত থেকে পুরোপুরি মুক্তি পেতে নতুন একটি ‘উপায়’ পেয়েছেন ভারতের বেঙ্গালুরুর গবেষকেরা। তাদের দাবি, নতুন একটি স্টেম সেল প্রোটিন আবিষ্কার করা হয়েছে, যা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘ব্লাড’-এর সাম্প্রতিক সংখ্যা থেকে জানা গেছে ওই প্রোটিনটির নাম ‘আস্রিজ’। পুরো গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ (জেএনসিএএসআর)-এর গবেষক সালোনি সিনহা।
গবেষকেরা কাজ করেছেন মূলত ইঁদুরের ওপর। এবং তারা সফল হওয়ারও দাবি করেছেন।
গবেষক মনীষা এস ইনামদার জানিয়েছেন, রক্ত ছাড়া আর যে সব ধরনের ক্যানসার হয়, তার ৯০ শতাংশ ক্ষেত্রেই আসল ভূমিকা থাকে ওই পি-৫৩ প্রোটিনর। কারণ ক্যানসার মানেই অস্বাভাবিক দ্রুত হারে কোষের সংখ্যাবৃদ্ধি। ব্লাড ক্যানসারের ১১ শতাংশ ক্ষেত্রে ভূমিকা রাখে পি-৫৩ প্রোটিন।
‘আমরা দেখেছি, রক্তস্রোতে যদি পি-৫৩ প্রোটিন কোষগুলির অস্বাভাবিক দ্রুত হারে বংশবৃদ্ধি বা মিউটেশনে সাহায্য নাও করে, তা হলেও রক্তে আস্রিজ প্রোটিনের পরিমাণ কম থাকলে ক্যানসার হয়। ফলে পূর্ণাঙ্গ কোষের অস্বাভাবিক দ্রুত হারে সংখ্যাবৃদ্ধি আটকানো যায় না। সে ক্ষেত্রে অনিবার্য হয়ে ওঠে ক্যানসার।’
সালোনি সিনহা বলছেন, তারা বুঝতে চেয়েছিলেন, আস্রিজ না থাকলে কেন পি-৫৩ প্রোটিন নষ্ট হয়ে যায় আর তার পর রক্তের স্টেম সেলগুলি সংখ্যায় অস্বাভাবিক দ্রুত হারে বেড়ে ক্যানসার কোষে পরিণত হয়।
এত দিন জানা সম্ভব হয়নি, কেন পি-৫৩-র মিউটেশন ছাড়াও ক্যানসার হয় রক্তে।
