ব্যবসায়ী সেলিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০১:৫০ এএম

ব্যবসায়ী সেলিম চৌধুরীকে যারা নির্মমভাবে হত্যা করেছে সেই খুনিরা যাতে কিছুতেই পার না পায়। সেলিম হত্যার খুনিরা যদি কোনোভাবে পার পেয়ে যায়, তাহলে আমার একমাত্র ছেলেসন্তানকে নিয়ে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে আত্মহত্যা করব। আর এ আত্মহত্যার জন্য নারায়ণগঞ্জের প্রশাসন ও সরকার দায়ী থাকবে। আমার স্বামীর হত্যাকারী মোহাম্মদ আলীসহ তার সাঙ্গপাঙ্গদের ফাঁসি চাই।

গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বক্তাবলী সামাজিক সংগঠন ওয়েল ফেয়ার ট্রাস্টের আয়োজনে নিহত ব্যবসায়ী সেলিম চৌধুরীর ফাঁসির দাবিতে মানববন্ধনে নিহত সেলিমের স্ত্রী রেহেনা আক্তার রেখা এসব কথা বলেন।

মানববন্ধনে রেখা আরও বলেন, ‘আমার স্বামী দুই লাখ টাকা ধার দিয়ে কী অপরাধ করেছিল? যার কারণে সেই টাকা আত্মসাৎ করতে মোহাম্মদ আলী তার সহযোগীদের নিয়ে সেলিমকে হত্যা করেছে। আমি চাই খুনি মোহাম্মদ আলী গংরা যাতে কিছুতেই বের হতে না পারে।’

বক্তাবলী সামাজিক সংগঠন ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি আলামিন ইকবালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা খোরশেদ মাস্টার, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য রাসেল চৌধুরী, সাংবাদিক জামালউদ্দিন বারী, আলোকিত বক্তাবলীর সভাপতি নাজির হোসেন, আলমগীর হোসেন, অগ্রযাত্রার সভাপতি বাদল হোসেন ববি, নিহতের মা মমতাজ বেগম, ছেলে রিতুল চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, নিখোঁজের ১০ দিন পর গত ১০ এপ্রিল বিকেলে ফতুল্লার ভোলাইলে মোহাম্মদ আলীর ঝুটের গুদামের মাটি খুঁড়ে ব্যবসায়ী সেলিম চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই গুদামের মালিক মোহাম্মদ আলী, দুই কর্মচারী ফয়সাল ও ইউনুসকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত