রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় থিম্পু-ঢাকা

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০২:৪০ এএম

বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ ও ভুটান। গতকাল শনিবার বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আগ্রহের কথা উঠে আসে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধান তথ্য কর্মকর্তা মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘বঙ্গভবনে সফররত ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ। ভুটানের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশের বিশেষ গুরুত্ব দেয়।’

প্রধান তথ্য কর্মকর্তা বলেন, ‘সাক্ষাতের সময় বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুই দেশের আগ্রহের কথা উঠে আসে, রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সঙ্গে ভুটানের সম্পর্ক ক্রমশ বহুপাক্ষিক ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। তিনি আশা করেন এই সফরের ফলে এ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।’

ভুটানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে বাণিজ্য-বিনিয়োগ ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলেও আশা করেন আবদুল হামিদ। সাক্ষাতের সময় ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে মেডিকেল শিক্ষার্থী হিসেবে নিজের স্মৃতি তুলে ধরে বলেন, বাংলাদেশে আবার আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনার কথা উল্লেখ করে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক উন্নয়নে তা মাইলফলক হয়ে থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র সচিব শহীদুল ইসলামসহ বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত