শ্রীপুরে সহপাঠীকে জড়িয়ে দেওয়া অপবাদ সইতে না পেরে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকেল শিমলা রানী দাস (১৪) নামে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।
শিমলা রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নৃত্তানন্দ ঋষি দাসের মেয়ে। মা-বাবার সঙ্গে শ্রীপুরের সাটিয়াবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকত সে।
মামলায় অভিযোগ করা হয়, স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই শিমলার সহপাঠী সুখচানকে জড়িয়ে সাটিয়াবাড়ি এলাকার চন্দন বাবুর ছেলে রাজ কুমার চন্দ্র মানিক, নৃপেন্দ্র চন্দ্র মনিদাসের ছেলে রিপন চন্দ্র মনিদাস অপবাদ দিত। উত্ত্যক্ত করত। গত বৃহস্পতিবার রাতে বাড়িতে পূজা চলার সময় শিমলাকে অপবাদ দিয়ে অপমানজনক কথা বলে তারা। পরদিন শুক্রবার মা-বাবা দুজন কাজে গেলে সেই ফাঁকে সে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, এ ঘটনায় দুজনের নামে মামলা হয়েছে। তারা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
