ঘুমন্ত স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা, ১৫ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০৮:২১ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক ঘুমন্ত স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ১৫ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। পুলিশ রবিবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার আফাজিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী শিপ্লব চন্দ্র বণিককে (৩৫) ঘুমন্ত অবস্থায় দোকান ঘরের মধ্যে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।

নিহতের স্ত্রী পাখি রানি বণিক ও হাতিয়া থানা সূত্রে এসব খবর জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আফাজিয়া বাজারের সততা স্বর্ণ শিল্পালয়ের মালিক শিপ্লব দোকানেই রাত্রিযাপন করতেন। অন্যান্য দিনের মতো শনিবার রাতে বেচা বিক্রি শেষে দোকানেই ঘুমিয়ে পড়েন। রবিবার সকাল ১০ টার দিকে দোকানে বন্ধ দেখে পাশের ব্যবসায়ীরা খোঁজ নিয়ে দেখে দোকানের পেছনের দরজা খোলা এবং দোকানের খাটের মধ্যে শিপ্লব মৃত অবস্থা পড়ে রয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে এএসপি সার্কেল (হাতিয়া ও সুবর্ণচর) মো. গোলাম ফারুক, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার এবং ওসি তদন্ত জিসান আহমেদ ঘটনাস্থলে হাজির হয়ে লাশ উদ্ধার করেন।

শিপ্লবের স্ত্রী পাখি রানি বণিক কান্না জড়িত কণ্ঠে বলেন, তার স্বামীর দোকানে প্রায় ১৫ লক্ষ টাকার স্বর্ণালংকার ছিল। তিনি তার স্বামীর হত্যাকারীদের বিচার দাবি করেন।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান সিকদার দেশ রূপান্তরকে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পেছনের দরজা খুলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় শিপ্লব বণিককে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। তারা তার সঙ্গে থাকা দোকানের চাবি দিয়ে সিন্ধুক খুলে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত