সাভারে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরাঙ্গী সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের নাম মোহাম্মদ মহসীন খাঁন (২৫)। তিনি উপজেলার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নিহত মহসিন সাভার বাজার বাসস্ট্যান্ডে কাঁচামালের ব্যবসা করতেন বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত চৌরাঙ্গী সুপার মার্কেটের সামনে সবজি ব্যবসায়ী মহসীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। সন্ত্রাসীদের হামলায় একপর্যায়ে মহসীন মাটিতে লুটিয়ে পড়লে তারা মহসীনকে মৃত ভেবে ফেলে রেখে যায়। এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহসীনকে মৃত ঘোষণা করেন।
এর আগে সন্ধ্যায় নিজ গ্রাম পানধোয়া এলাকার দিপু নামের এক যুবকের সাথে মহসীনকে বিশমাইল এলাকায় মোটরসাইকেলে ঘুরতে দেখেন স্থানীয়রা।
এ বিষয়ে দিপুর বড় ভাই বাবুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দিপুকে খুঁজে না পাওয়ায় তারাও অনেক চিন্তায় আছেন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মহসীনের মাথায়, পিঠে ও দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
তবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
