নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে শত বছরের পুরোনো এক বটগাছকে কেন্দ্র করে অনুষ্ঠিত হওয়া ঐতিহ্যবাহী বউ মেলা শুরু হয়েছে সোমবার।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীর লোকজন শত শত বছর যাবৎ বংশ পরম্পরায় এ মেলার আয়োজন করে আসছে।
সনাতন ধর্মাবলম্বীর বর্ষপঞ্জি অনুযায়ী বৈশাখের প্রথমদিন এ পূজা করে থাকেন।
মেলায় অংশ গ্রহনকারী সনাতন ধর্মাবলম্বীর লোকজন জানান, এ মেলায় সাধারণত নববধূ থেকে শুরু করে নানা বয়সী নারীরা অংশ গ্রহন করে থাকেন তাই এ মেলার নাম হয়েছে বউ মেলা।
শত বছরের প্রাচীন বটগাছের নিচে এ মেলা বসে । তিন দিনব্যাপী এ মেলার প্রথম দিন নারীরা বট বৃক্ষকে পূজা দিয়ে থাকেন।
বট গাছটিকে সনাতন ধর্মাবলম্বীরা সিদ্ধেশ্বরী দেবী বলে আখ্যায়িত করেন। তাই অনেকে এ মেলাকে সিদ্ধেশ্বরী দেবীর মেলাও বলে থাকেন। সংসারের শান্তি ও সমৃদ্ধির জন্য নারীরা দল বেঁধে এ মেলায় এসে প্রাচীন বট বৃক্ষকে পূজা দিয়ে থাকেন। ঝুড়ি ভর্তি বৈশাখী ফলের ভোগের সঙ্গে কবুতর উড়ানো ও পাঠা বলি দেওয়া হয়। বউ মেলায় আগত অধিকাংশই হচ্ছে নারী। তবে পুরুষদের এ মেলায় আসতে বাঁধা নেই।
নারীরা পূজায় বসে আরাধনা করেন। পূজায় অংশ নেওয়াদের ধারণা এখানে আরাধনা করলে ‘স্বামী সংসারের বাঁধন অটুট থাকবে এবং স্বামী সন্তানদের নিয়ে সুখ শান্তিতে সংসারে বসবাস করতে পারবে’। ভোগে দেওয়া বিপুল পরিমাণ ফল পূজা অর্চনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করে দেওয়া হয়।
বউ মেলায় পূজা দিতে আসা ষাটোর্ধ অঞ্জলি রানী জানান, আমি ছোট বেলা থেকে এখানে পূজা দিয়ে আসছি। আমরা সিদ্ধেশ্বরী কালী দেবী হিসেবে এ বৃক্ষকে পূজা দিই। প্রথা অনুযায়ী এ বৃক্ষের গোড়ায় বিভিন্ন বয়সী নারী মাটি দিয়ে থাকেন। মাটির সাথে একটি করে কড়ি দিতে হয়। এতে মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাছাড়া পরিবারের সদস্য যতজন ততবার মাটি দিতে হয়।
সরেজমিনে দেখা গেছে, ঢাকের তালে বৃক্ষ তলে পূজায় মগ্ন আছেন নারীরা। এ ছাড়া মেলা প্রাঙ্গণে বাঁশি, কাঠের হাতি, ঘোড়া ও মৃৎশিল্প সামগ্রী, চেয়ার, পিঁড়ি, জলচৌকি ও ঐতিহ্যবাহী খই, উড়খা, কদমা, পিঁয়াজু, নিমকি, জিলাপিসহ বিভিন্ন পণ্যের দোকান বসেছে। বউ মেলা নারীদের মেলা হলেও এখানে পুরুষের উপস্থিতি চোখে পড়ার মতো।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, সোনারগাঁ উপজেলা পরিষদের পাশেই এ মেলাটির আয়োজন হয়ে থাকে। প্রশাসনিকভাবে আমরা এ মেলাকে সার্বিক সহযোগিতা দিয়ে থাকি। নারীদের কেন্দ্র করে একটি মেলা সত্যিই ভিন্নধর্মী অভিজ্ঞতা।
