মাদ্রাসাছাত্রী নুসরাত রাফিকে পুড়িয়ে হত্যাকারীদের বিচার না হলে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষকরা। এ ধরনের ঘটনার জন্য তারা বিচারহীনতাকে দায়ী করেছেন।
গতকাল সোমবার ঢাবি অপরাজেয় বাংলার পাদদেশে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সভা হয়। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র-শিক্ষক’ ব্যানারে সবার আয়োজন করা হয়।
অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, নুসরাতের ঘটনায় প্রমাণ হয় আমাদের সমাজ অসুস্থ হয়ে গিয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাবেরী গায়েন বলেন, তনু হত্যার পর সারা দেশ যেভাবে বিচারের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে, মনে হয়েছিল কিছু একটা হবে কিন্তু হয়নি। বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বের হতে চাই।
অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা, অধ্যাপক লুৎফুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্ররা।
