১১ কোটি টাকার সার খেয়ে ফেলার (আত্মসাৎ) দায়ে বিসিআইসির গুদাম ইনচার্জসহ তিনজনের বিরুদ্ধে মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশনের সভায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদক উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে জানিয়েছেন।
দুদক উপপরিচালক আরও জানান, মামলার আসামিরা হলেন বিসিআইসির আওতাধীন বগুড়ার সান্তাহার বাফার গুদাম ইনচার্জ ও সাবেক উপ-প্রধান প্রকৌশলী নবির উদ্দিন খান, মতিঝিলের মেসার্স সাউথ ডেল্টা শিপিং অ্যান্ড ট্রেডিংয়ের নির্বাহী পরিচালক মশিউর রহমান খান ও আদমদীঘি থানার সান্তাহার এলাকার মেসার্স রাজা এন্টারপ্রাইজের মালিক রাশেদুল ইসলাম রাজা। শিগগিরই আদালতে এই চার্জশিট দাখিল করা হবে। ২০১৭ সালের ২ অক্টোবর আদমদীঘি থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
